দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা: নগদ অর্থ, সেলাই মেশিন ও ছাগল বিতরণ

খাগড়াছড়ি সংবাদদাতা :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের সামাজিক ও কর্মসংস্থান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে নগদ অর্থ, সেলাই মেশিন ও ছাগলসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে উপকারভোগীদের মধ্যে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা সেনা জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি,সহ অন্যান্য সেনা কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে কয়েকটি অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন দেওয়া হয় এবং পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া চারটি মাদ্রাসায় জিরা ও একটি চার্চে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এলাকার খবর

সম্পর্কিত