নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি মো. ফিরোজ কামাল (৩৫) সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মো. মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ফিরোজ কামালের হেফাজত থেকে ভারতীয় তৈরি অবৈধ মাদক “ESKUF”-এর ৭০টি বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”