কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ভাটি বরাটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন ভাটি বরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে এসআই রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ভাটি বরাটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন ও এএসআই জাকির হোসেনসহ অন্য সদস্যরা।
অভিযানকালে নাদিম ও রানুকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় তিনজনকে আসামি করে নিকলী থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
নিকলী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের শিকড় উপড়ে ফেলতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।