পূজাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে: গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও কেরানীগঞ্জবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। ছবি: নিউজ ওয়ান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও কেরানীগঞ্জবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। ছবি: নিউজ ওয়ান

"নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র হবেই। পূজাকে ঘিরেও ষড়যন্ত্র হতে পারে"—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ সোমবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "রাষ্ট্র থাকবে, রাজনীতি থাকবে, আর ষড়যন্ত্র থাকবে না—এটা কখনো হয় না। সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক নেতাদের দূরদর্শিতা জরুরি।"

গয়েশ্বর রায় দাবি করেন, দেশের একটি প্রতিবেশী রাষ্ট্র একটি সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, "এই শক্তি যদি শক্তিশালী হয়, তবে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সবকিছু বিপন্ন হবে।"

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রতিশ্রুতিতে অনড় থাকে, তাহলে নির্বাচন কেউ আটকে রাখতে পারবে না। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই দেশের সাম্প্রদায়িক দুশমন।"

এ সময় গয়েশ্বরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, “গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবার প্রতিবছর পূজায় বড় পরিসরে আয়োজন করে। আমরা এখানে এসেছি শুভেচ্ছা জানাতে।”

আওয়ামী লীগের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, “১৭ বছর আমরা অত্যাচার, নিপীড়ন, মামলা ও গুমের শিকার হয়েছি। হিন্দু সম্প্রদায়ের নামে ভোট নিলেও, আওয়ামী লীগ তাদের সম্পদ লুট করেছে, অসম্মান করেছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, তরুণ প্রজন্ম দেশের শিকড় ধরে ধরে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার ইউএনও রিনাত ফৌজিয়া, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. জামালউদ্দিন, ঢাকা জেলা বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা।

এলাকার খবর

সম্পর্কিত