আগামী ১৮, ১৯ ও ২০ জুলাই বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’। দেশের উদীয়মান চলচ্চিত্র সংগঠন ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’ (ESDI FILM Society)-এর আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।
উৎসবের সফল বাস্তবায়ন, আনুষ্ঠানিক অনুমতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উৎসব বাস্তবায়ন কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক বলেন, “সুস্থ সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশ জেলা শহরগুলোতে অত্যন্ত জরুরি। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’-এর এই উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আয়োজনে সব ধরনের প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক সাজেদুর রহমান মুনিম। তিনি উৎসবের সার্বিক পরিকল্পনা ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে মতামত দেন।
এ সময় উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও ইএসডিআই ফিল্ম সোসাইটির সভাপতি মো. জসিম উদ্দিন ইমন উৎসবের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। কমিটির সভাপতি ও বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগরও এ সময় উপস্থিত ছিলেন।
সভায় উৎসবের কারিগরি ও নান্দনিক দিক, চলচ্চিত্র প্রদর্শনী, স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা, প্রচার-প্রসারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল ইসলাম সবুজ, ইএসডিআই ফিল্ম সোসাইটির সাংগঠনিক সম্পাদক ইমরান সাকিল, ‘উত্তরণ’-এর সভাপতি মাহাফুজ নুসরাত মোনা, শিক্ষক নেতা ও ক্রীড়া সংগঠক নাসরিন আক্তার পিউরী, অভিনেতা হেলাল উদ্দিন, অভিনেতা নাছির উদ্দিন, আলোকচিত্রী সিয়ামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্রবিষয়ক সেমিনার, আলোচনা ও গুণীজনদের অংশগ্রহণে আড্ডার আয়োজন থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং চলচ্চিত্রচর্চাকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হবে।