ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার শিকার আদাবর থানার ওসি

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বেড়িবাঁধ এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। 

 

অভিযানের একপর্যায়ে একটি কক্ষে অবস্থানরত ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন।

 

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ। তিনি জানান, ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চালানোর সময় পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়।

 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

 

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালানোর সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও একজন এসআই আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

 

গুলিবিদ্ধরা হলেন— চোরা রুবেল ও কানা আমির। এ ছাড়া অভিযানে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের কার্যক্রমও চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত