কুমিল্লায়-৩ আসনে নির্বাচনী পরিবেশ অশান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার অনুপ্রেরণায় কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতার বিরুদ্ধে হাইকোর্টে রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন এবং এই রিট দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ রয়েছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই রিটের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই মুরাদনগরে উত্তেজনা বিরাজ করছে। আগে শান্ত পরিবেশ থাকলেও মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইউসুফ সোহেলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গেছে, নিজের রাজনৈতিক অবস্থান এখনো সুসংহত করতে না পারায় আসিফ মাহমুদ নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত রয়েছেন। এ লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীকে ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এর আগে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্টদের দাবি, কায়কোবাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের কোনো প্রমাণ না থাকলেও এ বিষয়ে গুজব ছড়িয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।
মুরাদনগরের সাধারণ মানুষদের অভিযোগ, শেখ হাসিনার পতনের পর থেকেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এর অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, মারধর ও বাড়িঘরে হামলার মতো ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি একাধিকবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, হয়েছেন প্রতিমন্ত্রীও। বিশেষ করে ২০০৮ সালের শ্বাসরুদ্ধকর নির্বাচনী পরিস্থিতিতেও তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে দীর্ঘ প্রায় ১৫ বছর তিনি নির্বাসিত জীবনযাপন করেন। তবে বিদেশে অবস্থান করেও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম সচল রাখেন। সে কারণেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সহজেই বিজয়ী হবেন বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।।