যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সড়ক-ড্রেন প্রকল্পের উদ্বোধন

যশোর প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোর পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৭ নম্বর ওয়ার্ডে নতুন সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যশোরের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও অনুন্নত রাস্তার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই সমস্যা অনেকাংশে দূর হবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু রাস্তা নির্মাণ করতে চাই না, বরং টেকসই ও মানসম্মত অবকাঠামো গড়ে তুলতে চাই, যা দীর্ঘমেয়াদে জনগণের উপকারে আসবে।” এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। এছাড়া উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় আধুনিক নকশায় মজবুত সড়ক নির্মাণ এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উন্নয়ন কাজের সফলতা কামনা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিমন্ত্রীর সরাসরি তদারকিতে কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত