যশোরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

যশোর প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষা দিতে দেশে শস্য বীমা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কৃষক কার্ড কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি ও স্বল্প সুদে কৃষিঋণের সুবিধা পাবেন। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের বিষয়টিও সরকার বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি দেশের কৃষি উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষি খাতকে আধুনিকায়নের পথে এগিয়ে নিচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও ডিজেল ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যশোর জেলায় ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যশোর শহরের বেজপাড়া এলাকায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এলাকার খবর

সম্পর্কিত