রাঙ্গুনিয়া সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও উন্নয়নে সর্বাত্মক অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে চন্দ্রঘোনা মহাজন বটতলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাবলি শোনেন।
সভায় তিনি বলেন, *“রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষ আমার পরিবার। শান্তি ও সম্প্রীতির পরিবেশ রক্ষায় আমি সর্বোচ্চ দায়িত্ব পালন করবো। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠানে সরকারি সহযোগিতা আরও বাড়ানো হবে।”*
ডা. রেজাউল করিম জানান, ধর্মীয় নিরাপত্তার পাশাপাশি চন্দ্রঘোনার সার্বিক উন্নয়নেও তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—স্থানীয় সড়ক সংস্কার ও চলাচল সহজীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্যসেবায় বিশেষ মেডিকেল ক্যাম্প, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ প্রদান।
তিনি বলেন, *“রাঙ্গুনিয়াকে এমনভাবে এগিয়ে নিতে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।”*
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তার প্রচেষ্টাকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন।