লক্ষ্মীপুরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র জব্দ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।

সভায় গত এক মাসে বিশেষ অভিযান পরিচালনা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার এবং দ্রুততম সময়ে ওয়ারেন্ট তামিল করায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। মাদক ও অস্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে আপসহীন। সাধারণ মানুষ যাতে সহজে পুলিশের সেবা পায় এবং হয়রানির শিকার না হয়, সেদিকে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল ও মো. এহসানুল হক এবং ডিআইও-১। এছাড়া জেলার সব থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে টহল কার্যক্রম বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত