সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল।
এসময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রমকালে কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকতে দেখে টহল দল অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ অর্থ বলে ধারণা করা ৭ হাজার ৪৫০ টাকা, ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) জব্দ করা হয়। এ সময় একজন ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ আপন ইসলাম আগুন (২৬)। তিনি বোরদেশী পশ্চিমপাড়া, আমিনবাজার এলাকার বাসিন্দা এবং শামসুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রয়সহ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।