সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

রবি ডাকুয়া, মোংলা প্রতিনিধি :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে শিবসা নদীর কুমারখালী খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বনদস্যু আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। 

 

এ কাজে সহযোগিতার জন্য তার ঘনিষ্ঠ সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনের গভীরে পাঠানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি এবং একটি ফাঁকা গুলি উদ্ধার করা হয়।

 

আটক রবিউল ইসলাম (৪১) খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, রবিউল ইসলামকে আটকের ফলে আসাবুর বাহিনীর কার্যক্রম অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত