ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, “একদল চাঁদাবাজী করে পালিয়েছে, আরেকদল চাঁদাবাজি করছে। দেশে অন্যায় কমেনি, শুধু হাতবদল হয়েছে।” তিনি দাবি করেন, হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদ থাকবে এবং মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে ন্যায়বিচার নেই, বিচারিক কোর্টও এখন পক্ষপাতমূলক। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগের অনেক নেতা কারাগারে, আবার ক্ষমতার পালাবদলের পর অন্যরা মুক্ত—এটা ন্যায়বিচার নয়।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষকে অতিষ্ঠ করেছে। তবে কোনো ইসলামি দল বা আলেম উলামা এসবের সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য ও বাসস্থানের সংকট দূর হবে।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামাল, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শাহ মুহাম্মদ জামাল উদ্দিনসহ অন্যরা।