চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, মাদক নির্মূলে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভায় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিভিল প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।