ঢাকা কারওয়ান বাজারের বিজেএমসি ভবনের দি রেইনি রুফ রেস্টুরেন্টে শুক্রবার (২১ নভেম্বর) প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো লেজার কাটিং মালিক সমিতির মিলনমেলা ও সদস্য সম্মেলন ২০২৫।
বাংলাদেশের উদীয়মান শিল্প হিসেবে লেজার কাটিং ও মেটাল ফেব্রিকেশন সেক্টরকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়া এবং জাতীয় অর্থনীতিতে দৃশ্যমান ভূমিকা রাখার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে সারাদেশ থেকে ১০০ জনের বেশি উদ্যোক্তা অংশ নেন।
সম্মেলনে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই লেজার কাটিং ও মেটাল ফেব্রিকেশন শিল্প দেশের দ্রুত অগ্রসরমান ইন্ডাস্ট্রিগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
লেজার কাটিং মালিক সমিতির আহ্বায়ক মহিবুল্লাহ সোহান বলেন, “নতুন উদ্যোগ, সম্ভাবনা ও নীতিনির্ধারকদের প্রণোদনা পেলে লেজার কাটিং শিল্প খুব শিগগিরই দেশের বৃহৎ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হবে।” তিনি আরও জানান, নতুন মার্কেট তৈরি ও শিল্পকে সর্বস্তরে জনপ্রিয় করতে সমিতি ধারাবাহিকভাবে কাজ করবে।
এছাড়া তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সমিতির প্ল্যাটফর্মে একত্র হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একসঙ্গে কাজ করলেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বড় অবদান রাখা সম্ভব।”
সম্মেলনে ঢাকার বাইরে থেকে আগত উদ্যোক্তারা তাদের সম্ভাবনা, অভিজ্ঞতা ও শিল্পের উন্নয়নচিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।