দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম (ভরি প্রতি ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ২২ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা করেছিল বাজুস। তখন সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
দাম সমন্বয়ের পরিসংখ্যান
চলতি বছর এখন পর্যন্ত ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪০ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৭ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৩৫ বার বেড়েছিল, কমেছিল ২৭ বার।
রুপার দামও বেড়েছে
এবার রুপার দামও বেড়েছে। ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা।
২১ ক্যারেট: ৩ হাজার ৪৫৩ টাকা
১৮ ক্যারেট: ২ হাজার ৯৬৩ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ২২৮ টাকা
এটি দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।