অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়, নকআউটের পথে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দারুণ ছন্দ ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।

সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের গতিময় আক্রমণ থেকে তৈরি হওয়া চাপে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন। আত্মঘাতী সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

গোল হজমের পর অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। বরং প্রথমার্ধের শেষদিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা।

ফ্রিম্যানের হেড থেকে বল জালে জড়ালে প্রথমে অফসাইডের সংকেত দেন রেফারি। তবে পরে ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোল বৈধ ঘোষণা করা হয়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে তিনটি পরিবর্তন আনেন অস্ট্রেলিয়ার কোচ টনি পোপোভিচ। কিন্তু মাঠের খেলায় তার প্রভাব খুব একটা দেখা যায়নি। অস্ট্রেলিয়া বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল, আর যুক্তরাষ্ট্র বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছে।

ম্যাচের শেষভাগে অস্ট্রেলিয়া কিছু আক্রমণ শানানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। ফলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ফলের পর গ্রুপে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত হয়েছে। তুরস্ক যদি নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়েকে হারাতে না পারে, তাহলে গ্রুপসেরা হিসেবে পরের পর্বে জায়গা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে এখন কঠিন সমীকরণ। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ইতিবাচক ফলের অপেক্ষায় থাকতে হবে তাদের।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত