৩৪ রানের লিড টাইগারদের, মিরাজের আগুনে পুড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪১৩ রান করার পর পাকিস্তানকে ৩৮৬ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড নেয় স্বাগতিকরা। পরে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। ফলে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ৩৪ রান।

দিনের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিংয়ে ১০২ রান খরচায় ৫ উইকেট শিকার করে ক্যারিয়ারে আরও একটি ফাইফার যোগ করেন এই অফস্পিনার।

পাকিস্তানের হয়ে সেঞ্চুরি তুলে নেন আজান ওয়াইজ। ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আবদুল্লাহ ফজল ৬০, সালমান আলী আগা ৫৮ এবং মোহাম্মদ রিজওয়ান ৫৯ রান করেন।

তৃতীয় দিনের প্রথম সেশনে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন সালমান আগা ও রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাদের দৃঢ় ব্যাটিংয়ে কিছুটা চিন্তায় পড়ে যায় বাংলাদেশ শিবির।

তবে চা বিরতির আগে সেই জুটি ভাঙতে সক্ষম হন তাইজুল ইসলাম। তার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন রিজওয়ান। আকাশে তুলে দেওয়া বল সহজ ক্যাচে পরিণত করেন মাহমুদুল হাসান জয়। ৭৯ বলে ৫৯ রান করে ফেরেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার।

এরপর দ্রুত শেষের উইকেটগুলো তুলে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বাংলাদেশ। এখন চতুর্থ দিনে বড় লক্ষ্য দাঁড় করানোর দিকেই নজর থাকবে টাইগারদের।

এলাকার খবর

সম্পর্কিত