বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন শনিবার রাতে রূপ নিল এক অনন্য জাদুমঞ্চে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘তারুণ্যের জাদু সন্ধ্যা ২০২৫’।
জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সন্ধ্যায় দেশের বরেণ্য ও তরুণ জাদুশিল্পীরা একে একে মঞ্চে আসেন। তাদের বৈচিত্র্যময় জাদু প্রদর্শনীতে শিল্পকলা মিলনায়তন কানায় কানায় পূর্ণ দর্শক আসনে তৈরি হয় এক অন্যরকম আবহ।
মঞ্চ মাতান নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্, জনপ্রিয় জাদু দম্পতি অনিক ও তৃশাহ্, পাশাপাশি তরুণ জাদুশিল্পী বাসেদ মাহমুদ, সাদাত মামুন, বিদেশ অধিকারী ও বৈরাগী সুজন। প্রত্যেকের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাদুশিল্পী আরিয়ান খান, আমিনুল ইসলাম রিপন, সোহাগ খান, রবিউল ইসলাম, সেলিম রেজা ও সোহেল আহমেদসহ অনেকে।
বর্ষপূর্তির বিশেষ মুহূর্তে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। সম্মাননা স্বরূপ জাদুশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। তবে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি জাদুশিল্পী মোহাম্মদ আলী সামস্—তার মায়ের আকস্মিক মৃত্যুতে তিনি অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে শোক প্রকাশ করা হয় এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শিল্পী ও দর্শনার্থীরা জানান, জাদুশিল্পের ঐক্য, প্রজন্মের সৃজনশীলতা ও সাংস্কৃতিক উচ্ছ্বাসকে উজ্জীবিত করেছে এই সন্ধ্যা। তাদের মতে, ‘তারুণ্যের জাদু সন্ধ্যা ২০২৫’ থেকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও বড় অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাবে।