আত্মপ্রকাশ করল নাগরিক অধিকার ও সুশাসনের প্ল্যাটফর্ম ‘GRIT’

 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নাগরিক অধিকার, সুশাসন ও সামাজিক রূপান্তরের নতুন প্ল্যাটফর্ম ‘GRIT’। 

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় ক্লাবের আবদুস সালাম হলে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

‘From Integrity to Impact’—এই স্লোগানকে সামনে রেখে একদল প্রতিশ্রুতিশীল নাগরিকের সম্মিলিত উদ্যোগে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে নৈতিকতা ও টেকসই উন্নয়নের সেতুবন্ধন তৈরি করবে গ্রিট।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরফান নাহিদ।

 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। 

 

তিনি বলেন, “গ্রিট একটি ন্যায়সংগত, জ্ঞানভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে।” তিনি জনস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সহায়তা, নারীর ক্ষমতায়ন, অনলাইন-অফলাইন নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়গুলোকে সংগঠনের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।

 

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও অধিকার নিয়ে আলোচনা করেন পরিচালক নুরুন্নাহার নূপুর ও মো. হেদায়াতুল আজিজ মুন্না।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদা হাবীবা গ্রিটের সাফল্য কামনা করে ভবিষ্যৎ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিচালক (অপারেশন) আহসান হাবিব রায়হান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক নিলুফার ইয়াসমিন টুম্পা এবং সদস্য **মামুনুর রশীদ সৈকত।

 

উল্লেখ্য, গ্রিটের প্রধান কার্যালয় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ফিনিক্স টাওয়ারে অবস্থিত। নাগরিক অধিকার রক্ষায় সংগঠনটি আগামীতে দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত