রাজধানীতে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

রাজধানীর মালিবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মালিবাগ মোড়ে এই প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইসলাম অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন, জাতিসংঘ বর্জন করে মুসলিম দেশগুলোর আলাদা জোট গঠন এবং গ্রামীণ প্রতিষ্ঠানের কর মওকুফ বাতিলের ৩ দফা দাবি উত্থাপন করেন।

 

সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আরিফ আল খবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে বারবার প্রিয় নবী (সা.)-এর শানে কটাক্ষ এবং পবিত্র ইসলামের অবমাননা করা হচ্ছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষায় ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিত করতে হবে।

 

সমাবেশে সাধারণ সম্পাদক কাজী আহমদ বলেন, বর্তমান জাতিসংঘ ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং এটি মুসলমানদের স্বার্থবিরোধী একটি সংস্থা। বক্তারা বাংলাদেশ, ইরান, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র নিয়ে একটি শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক জোট গঠনের জোর দাবি জানান। একইসাথে ডলারের আধিপত্য ভেঙে মুসলিম উম্মাহর অর্থনৈতিক মুক্তির জন্য পৃথক মুদ্রা প্রচলনের আহ্বান জানান তারা।

 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ আলম তার বক্তব্যে গ্রামীণ প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর মওকুফের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি একে ‘অনৈতিক’ ও ‘জনগণের অর্থের লুটপাট’ হিসেবে অভিহিত করে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এছাড়া ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ বা এ জাতীয় প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করে দেশের শিক্ষাব্যবস্থাকে বিজাতীয় ও সুদী সংস্কৃতি থেকে মুক্ত করার আহ্বান জানানো হয়।

 

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মালিবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর নিরাপত্তা কামনা করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত