রাজধানীতে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত না করে হকার উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ঢাকা মহানগরী হকার ঐক্য পরিষদ। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটি এই দাবি জানায়।
স্মারকলিপিতে জানানো হয়, সম্প্রতি ডিএসসিসি এলাকায় বড় ধরনের হকার উচ্ছেদ অভিযানের ফলে বিপুল সংখ্যক নিম্নআয়ের মানুষ কর্মসংস্থান হারিয়ে অমানবিক জীবনযাপন করছেন। যথাযথ বিকল্প ব্যবস্থা না করে এই উচ্ছেদকে 'অমানবিক' ও 'সামাজিক অস্থিতিশীলতার কারণ' হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
হকার নেতাদের ভাষ্য, দীর্ঘ সময় ধরে এসব হকাররা ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। নগর ব্যবস্থাপনার স্বার্থে শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা বিপন্ন করে তা বাস্তবায়ন সম্ভব নয়।
স্মারকলিপিতে হকারদের পক্ষ থেকে সাতটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলো হলো:
১. উচ্ছেদকৃত হকারদের অবিলম্বে পুনরায় বসার ব্যবস্থা করা। ২. স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা। ৩. হকারদের ওপর পুলিশি অভিযান, হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা। ৪. সিটি কর্পোরেশন কর্তৃক হকারদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও আইডি কার্ড প্রদান। ৫. সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা এবং ট্রেড ইউনিয়ন গঠনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হকাররা প্রয়োজনে নির্ধারিত হারে কর প্রদানেও সম্মত রয়েছে। তবে পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে তাদের ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে।
ঢাকা মহানগরী হকার ঐক্য পরিষদের সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান স্বাক্ষরিত এই স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর অনুরোধ জানানো হয়েছে।