ঢাকা-১৭ আসনে প্রচারণায় ব্যস্ত আলোক: বনানী থেকে ইসিবি চত্বরে বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছে ঢাকা-১৭ নির্বাচনী প্রচার উপ-কমিটি।

 

গতকাল শনিবার রাজধানীর বনানী থেকে শুরু হয়ে ভাসানটেক হয়ে ইসিবি চত্বর পর্যন্ত এক বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ নির্বাচনী প্রচার উপ-কমিটির ক্যান্টনমেন্ট থানার যুগ্ম সমন্বয়ক সৈয়দ আহসান হাবীব আলোক।

 

শনিবার সকাল থেকেই বনানী এলাকায় জড়ো হতে থাকেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সৈয়দ আহসান হাবীব আলোক। এরপর মিছিলটি বনানী বাজার হয়ে ভাসানটেকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে থাকা ধানের শীষের পোস্টার ও লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়। মিছিলটি যখন ইসিবি চত্বরে পৌঁছায়, তখন তা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

 

গণসংযোগকালে সৈয়দ আহসান হাবীব আলোক বলেন, "ঢাকা-১৭ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্বয়ং আমাদের জননেতা তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই লড়াই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা পরিবর্তনের অপেক্ষায় আছেন।"

 

সারাদিনের এই নির্বাচনী প্রচারণায় স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক সাধারণ ভোটারকেও স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে যুক্ত হতে দেখা গেছে। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ইসিবি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রচারণার সমাপ্তি ঘটে।

এলাকার খবর

সম্পর্কিত