আমরা উড়ে এসে জুড়ে বসিনি’—বিরোধীদের উদ্দেশে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।”

বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে।”

সম্প্রতি গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল মিলে ১১ দলীয় জোট গঠন করেছে। তারা জুলাই সনদ অনুযায়ী আইন প্রণয়ন না হলে দেশে অঘটনের হুঁশিয়ারি দিচ্ছে। এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই।”

এর আগে দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

মতবিনিময় সভায় মন্ত্রীরা আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত