সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসিরুদ্দীন পাটোয়ারী

লালমনিরহাট প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এবং সরকারের নীরবতার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত পরিস্থিতিরও পরিবর্তন হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে ধ্বংস করার পরিকল্পিত ষড়যন্ত্র চলছে এবং ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমান্ত এলাকায় মাদক সরবরাহ করছে। কসবায় সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এসব ঘটনায় সরকারের নীরব ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি।

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “নিহত খাদিমুল মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন। অথচ বিজিবির দেওয়া প্রেস রিলিজ পুরোপুরি বিএসএফের সাজানো বক্তব্যের প্রতিফলন।”

তিনি দাবি করেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়; বরং নিরীহ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে তিনি অবিলম্বে ওইসব এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত