মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই।
শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দেওয়ানহাটস্থ আল ইসহাক অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত “Meet With Our Amir” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তরুণ সমাজ আজ বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা, আদর্শিক চর্চা এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সময়ের অনিবার্য দাবি।
রেজাউল করীম বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সত্য, ন্যায়, মানবতা ও আদর্শিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন এবং মুহাম্মাদ জান্নাতুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা দেশের বর্তমান সামাজিক ও নৈতিক সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে আদর্শিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
বার্তা প্রেরক: মুহাম্মদ ইসমাইল খাঁন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।