জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: নজরুল ইসলাম খান

জামালপুর (ইসলামপুর) প্রতিনিধি :
নজরুল ইসলাম খান ছবি: সংগৃহীত
নজরুল ইসলাম খান ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে, তাই এ নিয়ে নতুন করে কোনো অস্থিরতা বা ঝামেলা সৃষ্টি করার প্রয়োজন নেই।

শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম-কানুন ও আইন বুঝতে না চান, তাহলে তো চলবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছাড়া আর কিছু নয়।”

তিনি আরও বলেন, বিএনপির যথেষ্ট জনসমর্থন রয়েছে এবং এ নিয়ে দল কোনো চাপ বা হুমকিতে বিচলিত নয়।

তিনি বলেন, “আমরা সবাইকে অনুরোধ করব বিষয়টি বোঝার চেষ্টা করুন, একসাথে থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন এর বাইরে গিয়ে নতুন দাবি তুলে অযথা জটিলতা তৈরি করার দরকার নেই।”

নজরুল ইসলাম খান জানান, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল শুরুতে অংশ নিয়েছিল এবং পরবর্তীতে সকলেই এতে স্বাক্ষর করেছে। তবে এখন কেউ কেউ সেই সনদের কিছু বিষয় মানতে চাইছে না, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সংসদে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া শতাধিক অধ্যাদেশ ধাপে ধাপে পাস করতে সময় লাগছে, তবে সরকার প্রতিটি সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ স্থানীয় নেতারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত