আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৩ আসনে নির্বাচনী উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। এই প্রেক্ষাপটে ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে শুরু হলো তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা।
শুক্রবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা–১৩ এলাকার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। একাধিক স্থানীয় নেতা-কর্মী জানান, এই ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হলো।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়াই জনগণের আস্থা ফেরানোর প্রধান শর্ত। একই সঙ্গে তিনি ঢাকা–১৩ আসনের জনগণের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রশ্নকে গুরুত্ব দিয়ে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
রাজনৈতিক বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি সক্রিয় সাংগঠনিক ও রাজনৈতিক ভূমিকা পালন করবেন বলেও জানান।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে ববি হাজ্জাজ এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা–১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে নামলেন। আগামী দিনে প্রচারণা, জনসংযোগ ও রাজনৈতিক সমীকরণে এই আসনটি কীভাবে রূপ নেয়—সেদিকেই এখন নজর স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের।