বিএনপি অকারণে নির্বাচন পেছানোর পক্ষে নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি সবসময় যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। তফসিল বিলম্বিত হলে ভোট আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিইসির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান জানান, আসন্ন নির্বাচনে দুটি ব্যালট ব্যবহৃত হবে, যা ভোটগ্রহণকে সময়সাপেক্ষ করবে। বিএনপির দাবি—সব ভোটার যেন কেন্দ্র গিয়ে ভোট দিতে পারেন। কিন্তু অনেক কেন্দ্রে ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত রোববার জানানো হবে বলে সিইসি জানিয়েছে।
তিনি আরও বলেন, ব্যালট পেপার সবসময় সরকারি প্রিন্টিং প্রেসেই ছাপা হয়ে থাকে, তাই সেটি যেন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ছাপানো না হয়। এছাড়া পাসপোর্টকে জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচনার অনুরোধও তারা করেছেন।
খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত আগামীকাল ভোরে তিনি দেশের বাইরে যাচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।