শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে রাত পৌনে ১১টার দিকে বের হন বেগম জিয়া। এরপর শেরে-বাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার সমাধিতে গিয়ে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করা হয়েছে।
দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।