আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান।
ধামইরহাট থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং পেশাদারিত্বের সঙ্গে অপরাধ দমনে অনন্য ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত নিয়মিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সব থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর অর্জন করে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হন।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ওসি মিন্টু রহমানের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে ওসি মো. মিন্টু রহমান বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা জোগায়। এই সম্মান শুধু আমার একার নয়, এটি ধামইরহাট থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল।”
তিনি আরও বলেন, “জেলা পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা ও তদারকির কারণেই আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। ধামইরহাট উপজেলাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে ও হয়রানিমুক্তভাবে আইনি সেবা পেতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এদিকে মো. মিন্টু রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ধামইরহাটের সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।