কিশোরগঞ্জ জেলায় মাদক ও অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকবিরোধী ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালিয়ে আলোচনায় এসেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। জেলার বিভিন্ন উপজেলায় একের পর এক অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে ২০২৬) জুমার নামাজ শেষে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মসজিদে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের ভয়াবহতা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার।
তিনি বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক কারবারি কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয়ভাবে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।
বক্তব্যে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমসাময়িক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার। একই সঙ্গে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন।
জানা গেছে, পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এতে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।
নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।