বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা। রোববার বিকেলে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণে “বানিয়াচংয়ের সচেতন সমাজ”-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এবং দীর্ঘসূত্রতা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

সমাবেশে বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

কর্মসূচি সঞ্চালনা করেন জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজ। তিনি বলেন, “ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থার বিকল্প নেই।”

 

মানববন্ধনে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন অনিক, বিএফ শাহিন কলেজের শিক্ষার্থী আব্দুল মুহিত আকিব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান রহমান এবং বাহুবল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলীসহ আরও অনেকে। এ সময় সাংবাদিক আবু হানিফ বিন সাঈদ উপস্থিত ছিলেন।

 

বক্তারা অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপরাধের ধরন যাই হোক না কেন, তা কঠোরভাবে দমন করতে হবে এবং ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান রহমান অভিযোগ দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত এবং পরবর্তী ১৪৪ ঘণ্টার মধ্যে বিচার সম্পন্নের লক্ষ্যে বিশেষ আইন প্রণয়নের প্রস্তাব দেন। পাশাপাশি বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান তিনি।

প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত