নিকলীতে মধ্যরাতের অভিযানে ইয়াবাসহ আটক মাদক কারবারি

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি:
ছবি:

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেলেও তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নিকলী থানার এসআই রোমান খান ও এএসআই মো. আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার মজলিশপুর (ফকিরবাড়ী) এলাকা থেকে মো. তাজুল ইসলাম ওরফে তাজু (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সুন্দু লুসাইয়ের ছেলে।

পুলিশ জানায়, আটক তাজুর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কেনাবেচার নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে তাজুর সহযোগী মো. দেলোয়ার হোসেন ওরফে দিলদার (৩৮) পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মজলিশপুর এলাকার একিন আলীর ছেলে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে নিকলী থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো মাদক কারবারির স্থান নিকলীর মাটিতে হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, নিকলীতে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান তরুণ সমাজকে মাদকের ঝুঁকি থেকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। তবে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত