কোরবানির হাটে এমপি এনামুলের ঝটিকা অভিযান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে সাপ্তাহিক গবাদিপশুর হাট। কোরবানির পশু কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই হাট। এমন পরিস্থিতিতে ইজারাদাররা সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা বা টোল আদায় করছেন কি না, তা খতিয়ে দেখতে ঝটিকা পরিদর্শনে যান নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

রোববার (২৪ মে) দুপুরে তিনি ধামইরহাট পশুর হাট পরিদর্শন করেন। এ সময় এমপি এনামুল হক হাটে ঘুরে ঘুরে ক্রেতা, বিক্রেতা ও খামারিদের সঙ্গে কথা বলেন এবং পশুর ছাড়পত্রে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে তিনি ইজারাদারদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদকে কেন্দ্র করে হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অতিরিক্ত টোল আদায় বরদাশত করা হবে না। সরকারি নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, “কোরবানির পশুর হাটে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

এ সময় পশুর হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বাজার মনিটরিং আরও জোরদারের তাগিদ দেন।

 

স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা জানান, এমপির এমন সরেজমিন পরিদর্শনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অতিরিক্ত খাজনা আদায় বন্ধ হলে কোরবানির পশু বেচাকেনায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত