সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়নের পরিকল্পনা সরকারের: পর্যটনমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ ও অধিক যাত্রীসেবাপ্রদানকারী বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিমানবন্দরগুলোর উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এ প্রেক্ষাপটে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনাও সেই ধারাবাহিকতার অংশ। তবে এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সময় ও পর্যায়ক্রমিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় অতিবাহিত হয়েছে। তাই সব উন্নয়ন কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। জনগণের প্রত্যাশা ও জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, যেসব বিমানবন্দরে যাত্রী চলাচল বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেসব বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সৈয়দপুর বিমানবন্দরে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি সড়কপথে ঠাকুরগাঁও সফরের উদ্দেশ্যে রওনা হন।

এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত