ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অস্থায়ী গরুর হাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নরসিংহপুর অস্থায়ী গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও অভিযোগ ছড়িয়ে পড়লে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।
একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ও তার অনুসারীদের জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিপ্লব বলেন, একটি মহল রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”