“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
দেশব্যাপী আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুরু হয় স্থানীয় কর্মসূচি।
জেলা প্রশাসক সোহানা নাসরিন–এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হন অতিথিরা। এ সময় ভূমি সেবাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জনগণের দুর্ভোগ কমানো, সরকারি রাজস্ব আয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সরকারের প্রত্যক্ষ যোগাযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সর্বসাধারণকে ভূমি সেবা মেলায় অংশ নিয়ে আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জানার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।