নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে ধামইরহাট থানাধীন পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. রাসেল হোসেন (৩২)-কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার সেননগর গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুর রাজ্জাক–এর ছেলে।
এসময় তার কাছ থেকে ১৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি Suzuki Gixxer Monotone মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দ মালামালের মোট মূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ধামইরহাট থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।