দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভূমিসেবা গ্রহণকারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, পর্চা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবাসহ নানা ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত চলবে এ মেলা। মেলা চলাকালে সেবাগ্রহীতারা নির্ধারিত স্টলে এসে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন।
সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।