নিকলীর হাওরে পর্যটক নিরাপত্তায় জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাওরাঞ্চলখ্যাত কিশোরগঞ্জের নিকলীতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। “মাদক ছাড়ুন, ভ্রমণ করুন” প্রতিপাদ্য সামনে রেখে নিকলী থানাধীন বেড়িবাঁধ এলাকা ও হাওরের অভ্যন্তরীণ নৌপথে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা।

বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৫টায় নিকলীর বেড়িবাঁধ এলাকায় উপস্থিত হয়ে সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

জানা গেছে, হাওরের পর্যটন মৌসুমজুড়ে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নিরাপত্তা পরিকল্পনা কার্যকর থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক নিকলীর হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে জেলা পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

পুলিশ সূত্র জানায়, বেড়িবাঁধ এলাকা ও হাওরের অভ্যন্তরীণ নৌপথে ইভটিজিং, ছিনতাই ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা ও তা পরিধান বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং মাঝিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গাইডলাইন।

যেকোনো দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় স্থায়ী পুলিশ হেল্প ডেস্ক ও কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন থাকবে। পাশাপাশি নৌকার ভাড়া, পার্কিং ফি ও খাবারের দোকানে অতিরিক্ত টাকা আদায় বন্ধে নির্ধারিত রেট চার্ট টানানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পর্যটকদের যানজটমুক্ত চলাচল নিশ্চিতে বেড়িবাঁধ এলাকায় নির্ধারণ করা হবে নিরাপদ পার্কিং জোন। এছাড়া নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে নারী পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি তদারকি কমিটিও গঠন করা হবে।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, “নিরাপদ ও আনন্দময় পর্যটন পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ কিশোরগঞ্জ সবসময় পর্যটকদের পাশে থাকবে। সবাইকে সচেতন থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাই।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত