দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বান্ধবীর সামনে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ এবং অপরাধ সংঘটনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—রাজু আহম্মেদ ওরফে লাল চাঁন (৩২), সজীব মৃধা (২৮) ও জিহাদ মিয়া (২১)।
শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. তরিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ জুন রাতে তরিকুল ইসলাম পবন (২৭) বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর অবস্থান করছিলেন। তার সঙ্গে ছিলেন বান্ধবী লামিয়া আক্তার। তারা বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাদের লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে লামিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তার মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় পবনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে কেরানীগঞ্জের শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা নিয়মিত চুনকুটিয়া বেবিস্ট্যান্ড এলাকায় আড্ডা দিয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের পরিকল্পনা করতেন। দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ থাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েকে তারা ছিনতাইয়ের জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছিল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।