বেতাগীতে নাশকতার প্রস্তুতির অভিযোগে ৬ যুবক আটক

মহিবউল্লাহ কিরন,বরগুনা :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে ৬ যুবককে আটক করেছে বেতাগী থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—পারভেজ, সিফাত, মাহিম, শাহীন, তাওহিদ ও নাঈম। তারা বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড পতাকাও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদধারী নেতা-কর্মী কিনা—এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। ফলে তারা ছাত্রলীগের কোনো পদে রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

শুক্রবার রাত ৮টার দিকে বেতাগী থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও আগস্ট মাসকে কেন্দ্র করে কিছু কর্মী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যে জড়ো হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে আমি নিজে পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করি। অনেকেই পালিয়ে গেলেও ৬ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উপজেলায় যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশের এ অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত