নীলফামারীর সৈয়দপুরে একটি অসুস্থ চিল উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
জানা গেছে, গত ১৮ জুন দুপুরে সৈয়দপুর উপজেলার বাঙালীপুর মন্ডলপাড়া এলাকার বাসিন্দা মতিন মন্ডল একটি অসুস্থ চিল দেখতে পান। পরে তিনি পাখিটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন এবং বিষয়টি সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেনকে অবহিত করেন।
খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চিলটিকে নিজেদের তত্ত্বাবধানে নেন। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পাখিটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
এ সময় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সদস্য আহসান হাবীব জনি, ফারুক ও রানা উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চিলটির সার্বিক পরিচর্যা ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। সুস্থ হয়ে স্বাভাবিকভাবে উড়তে সক্ষম হলে পাখিটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের এমন মানবিক উদ্যোগ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড অন্যদেরও বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুদ্ধ করবে।