জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভা রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মানবাধিকার সুরক্ষা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি। স্বাগত বক্তব্য দেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ইঞ্জি. সানজিদা ইসলাম তুলী, এমপি, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, মানবাধিকার কর্মী ও আইনজীবী স্টিফেন লিলার, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এবং তাহসিনা রুশদীর লুনা, এমপি।
বিশেষ আলোচনায় ইঞ্জি. সানজিদা ইসলাম তুলী, এমপি জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা, স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কমিশনার নিয়োগ প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে হবে, যাতে জনগণের আস্থা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, আঞ্চলিক পর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম সম্প্রসারণ, আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা সময়ের দাবি।
তুলী বলেন, “একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশন রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সভায় বক্তারা গুমবিষয়ক আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানান তারা।