রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে আরও ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ আহরণ কিংবা নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”