শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদের উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই উপজেলায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে তারা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ এপ্রিল রাত থেকেই বিজিবি সদস্যরা দুই উপজেলায় অবস্থান নেন এবং ৪ এপ্রিল থেকে তারা সক্রিয়ভাবে মাঠে কাজ শুরু করেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরাও প্রয়োজন অনুযায়ী সহায়তা করবেন। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আইন অনুযায়ী সেনাবাহিনী সরাসরি দায়িত্ব পালন করতে পারে না। এ কারণে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে। ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। নির্বাচনী নিরাপত্তা জোরদারে র্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে এবং আরও ৪টি টিম রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। পুলিশের ২৬টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এদিকে নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক থাকবেন। পাশাপাশি দুই উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর কয়েকটি টিমও সহায়ক ভূমিকায় থাকবে। প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পুনঃতফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।