হাতিয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা:
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) ভোরে পরিচালিত এ অভিযানে মোট ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল রয়েছে। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন—মোঃ মিলন (২২), মোঃ রিয়াজ (২০), মোঃ স্বপন (২২) ও মোঃ ফয়েল (১৯)। তাদের সবার বাড়ি হাতিয়ার নলচিরা ইউনিয়নে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত