বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারের উপদেষ্টারা সবাই বিদেশি নাগরিক। গণ্ডগোল হলে তারা সহজেই দেশ ছেড়ে চলে যেতে পারবেন, কিন্তু দেশের সাধারণ মানুষ বা বিরোধী দলের নেতাকর্মীরা পারবেন না।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন বলেন, "সেইফ এক্সিটের কথা কী আর বলবো—সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। তাদের দেশে যাওয়ার ভিসা লাগবে না। কিন্তু আপনি, আমি যেতে পারবো না। তাই সরকারকে বলবো—আপনারা এমন কাজ করবেন না, যাতে সেইফ এক্সিটের প্রয়োজন পড়ে।"
তিনি আরও বলেন, “স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে কাজ করুন। দেশের মানুষের ওপর নির্যাতন করে, লুটপাট করে একদিন দেশ ছাড়তে হতে পারে—এই বাস্তবতা ভুলে যাবেন না।”
আগামী নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কেউ যদি মনে করেন নির্বাচন হলে তারা ভালো করবে না, নির্বাচন পিছিয়ে দিতে চাইলে আমরা হুঁশিয়ার করছি—ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতেই হবে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে রুমিন বলেন, “অনেকে ভাবছেন আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন সহজ হবে। কিন্তু এত সহজ হবে না। এখন থেকেই মাঠে নামতে হবে।”
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা তুলে ধরে তিনি বলেন, “আমাদের বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার দেশ। তরুণদের চাকরি, অর্থনৈতিক নিরাপত্তা এবং ঘরে ঘরে দক্ষ জনশক্তির দেশ হবে।”
উক্ত জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।